ক্রিকেট সম্পর্কে যারা একটু-আধটু খোঁজ খবর রাখে তারাও জানে টি-টোয়েন্টি ফরমেটে আফগানিস্তান রীতিমতো ভয়ংকর এক দল। ভারতের দেহরাদুন ক্রিকেট স্টেডিয়ামের কথা মনে আছে আপনাদের? যদি না থাকে তাহলে মনে করিয়ে দেয় এই মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। সেই দেহরাদুন ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান এবার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান করেছিল অস্ট্রেলিয়া। এটি ছিল এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড। কিন্তু গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই রেকর্ডটি হয়ে যাই আফগানিস্তানের। কেননা আফগানিস্তান টপকে যাই অস্ট্রেলিয়ার ২৬৩ রানের ইনিংসকে।
গতকাল শনিবার দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৮ রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করে আফগানিস্তান। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট নয় ক্রিকেট দুনিয়ায় অনুষ্ঠিত সকল ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।
কিছুদিন আগে বিপিএল মাতিয়ে যাওয়া হযরতউল্লাহ জাজাই আর উসমান গনির উদ্বোধনী জুটিতেই আফগানিস্তান তুলেন ২৩৬ রান। ৪৮ বলে ৭৩ রান করে আউট হন উসমান গনি। তবে জাজাইকে থামানো যায়নি। ৬২ বলে ১১ বাউন্ডারি আর ১৬টি ছক্কায় শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকে হযরতউল্লাহ জাজাই।
২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে অসাধারণ এক ইনিংস খেলেছে স্টার্লিং। ৫০ বলে ১২টি চার এবং ২ ছক্কায় স্টার্লিং করে ৯১ রান। সব মিলিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। আফগানিস্তানের পক্ষে ৪ ওভারে ২৫ রানে ৪টি উইকেট নেন রশিদ খান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ:
| দল | সংগ্রহ |
| আফগানিস্তান | ২৭৮/৩ |
| অস্ট্রেলিয়া | ২৬৩/৩ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু | ২৬৩/৫ |
| নর্থ ওয়েস্ট | ২৬২/৪ |
| শ্রীলঙ্কা | ২৬০/৬ |