২০১৯ ওয়ানডে বিশ্বকাপের বাকি মাত্র এগারো সপ্তাহের মতো সময়। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এমন সময় সব খানে একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে ওয়ানডে বিশ্বকাপের ফেবারিট কারা? যেহেতু বিশ্বকাপ ইংল্যান্ডে তাই সকলেই স্বাগতিক ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে। তবে বিশ্বকাপের ফেবারিট তালিকা থেকে বাদ যাচ্ছেনা বছরজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা ভারত।

এই দুইটি দল বাদেও আর একটি দলের কথা না বললেই নয়। সেই দলটি হলো সবচেয়ে বেশি (পাঁচবার) বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। কেননা বছরজুড়েই দুর্দান্ত ফর্মে না থাকলেও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ছন্দে ফিরেছে টিম অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারতের মাটি থেকে রীতিমত অসাধ্য সাধন করে ফিরছে ক্যাঙ্গারুরা। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পরে জিতেছে ওয়ানডে সিরিজও। অস্ট্রেলিয়া এই টিমের সঙ্গে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মতো বড় দুই তারকা প্লেয়ার যোগ দিলে অবশ্যই তারা বিশ্বকাপের টপ ফেবারিট।

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারার পরে বিশ্বকাপে কোন দল ফেবারিট এই বিষয়ে কথা বলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘সত্যি করে বলতে বিশ্বকাপে সব দলই হুমকি। বিশ্বকাপে যে কোনো দল জেগে উঠতে পারে। যদি সেটা হয় তবে তাদের থামানো সত্যিই, সত্যিই খুব কঠিন হবে।’

‘আমি মনে করি না, কোনো দল বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করবে। যে কোনো দলই ভয়ংকর হয়ে উঠতে পারে। আপনারা দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিভাবে জেগে উঠেছে। তারা বিশ্বকাপে বড় হুমকি হবে, কারণ তারা ভারসাম্য পেয়ে গেছে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল হবে। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে, আমরাও শক্তিশালী। নিউজিল্যান্ড ভালো দল, পাকিস্তান তাদের দিনে যে কাউকে হারাতে পারে।’