গত মঙ্গলবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ছিলোনা খুব বেশি চমক। তবে তারকা পেসার তাসকিন আহমেদের না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। সেই সাথে বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সাংবাদিকদের সামনে কেঁদেই ফেলেছিলেন তাসকিন আহমেদ। যার কারণে বেশির ভাগ সমর্থকই হতাশ তাসকিন দলে সুযোগ না পাওয়ায়ই। তবে বিসিবির ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে বেশ সন্তুষ্ট দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তামিম ইকবাল বলেন, ‘যে স্কোয়াডই দেওয়া হোক না কেন, সবারই পছন্দ-অপছন্দ থাকবে। অবশ্যই এখানে কিছু ক্রিকেটার আছে যারা ভালো পারফর্ম করেও সুযোগ পায়নি। আবার এমন কয়েকজন আছে যারা খুব ভালো করেছে এবং সুযোগও পেয়েছে। স্কোয়াড নিয়ে এখন অনেক আলোচনা-সমালোচনা হবে স্বাভাবিক। অমুক থাকলে ভালো হতো, তমুক থাকলে ভালো হতো এমন কথা শুনা যাবে। কিন্তু আমার মতে, এমন কথাগুলো না বলাই ভালো। তাহলে যারা আছে তাদের মন খারাপ হবে। এতে দলের ওপর প্রভাব পরতে পারে। আমি মনেকরি, দলটা বেশ ভালো, সবাই কমবেশি অভিজ্ঞ।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের মধ্যে দিয়েই সেরে নিতে হবে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিষয়ে তামিম জানান, ‘বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সময় পাওয়া যাবে। সেখানে মানসিক প্রস্তুতিটা বেশি জরুরি। কারণ আয়ারল্যান্ডের উইকেট ভিন্ন। তাই আয়ারল্যান্ডে নিজেদের দুর্বলতা যা আছে তার ৫% কমানো গেলেও তা আমাদের কাজে দিবে। ’
প্রতিটা বিশ্বকাপ শুরু হওয়ার আগে চলতে থাকে নানা ধরণের জল্পনা-কল্পনা। কোন দল জয়লাভ করবে বিশ্বকাপ শিরোপা, কোন দল বিশ্বকাপের টপ ফেভারিট এই সব নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা। ইংল্যান্ড বিশ্বকাপে কোন দল ফেভারিট এই নিয়ে তামিম বলেন, ‘অবশ্যই ভারত এবং ইংল্যান্ড ফেভারিট। এখানে অনেক দলই আছে তাদের আপনি সহজে ভাবতে পারবেন না। অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে। এটা নির্ভর করে ওই টুর্নামেন্টে দল হিসেবে কে ফর্মে আছে। দেখি কী হয়, ক্রিকেটে যেকোনো কিছু কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালের বিশ্বকাপে কেউ প্রত্যাশা করেনি শ্রীলঙ্কা জিতবে। আপনি জানবেন না, ক্রিকেট সবার জন্য কী চমক জমা করে রেখেছে।’