বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে। বাংলাদেশ দল জয়লাভ করলেও একাদশে ছিলোনা ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকরী বোলার রুবেল হোসেন। প্রথম ম্যাচের পরে টানা দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই ম্যাচেও একাদশে ছিলোনা রুবেল হোসেন। তাই কিনা টানা পরাজয়ের পর অনেকেই দলের একাদশ পরিবর্তনের কথা বলছেন। বিশেষ করে রুবেল হোসেনকে একাদশে দেখতে চাচ্ছেন ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে আমজনতা।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ দলের একাদশে রুবেল হোসেনকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাথে আলাপকালে রুবেলের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করি রুবেল খেলবে। রুবেল খেলছে না কেন আমি জানি না।’

প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে বাংলাদেশ তবে বাংলাদেশ দলের সেমিফাইনালে কোয়ালিফাই করার সুযোগ এখনো দেখছে সৌরভ গাঙ্গুলি। এই ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। সাকিব অসাধারণ খেলল। সাকিব পুরো বিশ্বকাপেই তো ভালো করছে, তাও ভালো দলের সাথে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। তবে দলের শুধু ভালো খেললে তো হবে না, ম্যাচ জিততে হবে। ছয়টা ম্যাচের মধ্যে হয়ত ছয়টাই জিততে হবে।’

বাংলাদেশ দলের পেস বোলিং নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বোলিংয়ে একটু পেস লাগবে। তাসকিন তো ইনজুরিতে। দলের একটু গতি লাগবে। মাশরাফি ভালো ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেটকে অনেকদূর নিয়ে গেছে। মাশরাফির অধীনেই আমি দলটাকে ভালো খেলতে দেখেছি।’