গতকাল সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য উন্মোচন করা বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল জার্সি। এবং জার্সি উন্মোচনের পাশাপাশি হয় অফিসিয়াল ফটোশুট। কিন্তু সেখানে উপস্থিত না হওয়ায় সমালোচনার বিষয়বস্তু হন সাকিব আল হাসান। এর পরিপেক্ষিতে সাকিবের না থাকা নিয়ে কারণ ব্যাখ্যা করেছে সাকিবের স্ত্রী শিশির। শুধু তাই নয় একপ্রকার সাংবাদিকদের ধুয়ে দিয়েছেন শিশির।
আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে শিশির লিখেছেন, ‘আমার সত্যিই সাংবাদিকদের এই ব্যাপারে কিছুই বলার নেই যে কেন তাদের সাকিব আল হাসানের ব্যাপারে এতো আপত্তিকর অবস্থান। আমি মনে করি, এটা আমাদের দোষ। আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দিইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে বসে আড্ডা দিইনি। তাদেরকে ভেতরের খবর বলিনি।’
সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করে শিশির আরো বলেন, ‘সাকিব এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করেছে ছোটবেলা থেকেই। বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে, মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখিনি। আমার মনে হয়, এটাই তার শেখার দরকার ছিল। এইজন্যই হয়তো তার ইতিবাচক দিকটা কম চোখে পড়ে। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’
গতকাল জার্সি উন্মোচনের পাশাপাশি অফিসিয়াল ফটোশুটে সাকিবের না থাকা নিয়ে শিশির জানান, ‘এখন কথা উঠেছে যে সাকিব কেনো দলের বিশ্বকাপ ফটো সেশনে উপস্থিত ছিল না। প্রথমত এটা তার ভুল যে সেখানে উপস্থিত হতে পারেনি। তবে সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। সে বার্তাটি পড়তে ভুল করেছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে দুঃখপ্রকাশ করেছে সাকিব। আমিও দুঃখিত যে সেটার প্রমাণস্বরূপ আমরা কোনো ভিডিও করিনি।’