আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই প্রত্যাশামত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তারুণ্য নির্ভর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সাকিব তামিমরা। এই জয়ের ফলে ফাইনালের আগে অনুষ্ঠিতব্য বাকি তিনটি ম্যাচেও আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশ দলকে সেটা বলার অপেক্ষা রাখে-না । সিরিজের বাকি তিনটি ম্যাচ খেলার পড়ি জানা যাবে বাংলাদেশ দল ফাইনালে উঠতে পারবে কি না। তবে সিরিজের প্রথম ম্যাচেই শক্তিশালী উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ যেন ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল।

অথচ সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচেই যে ক্রিকেটাররা আয়ারল্যান্ড জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি তাদের নিয়ে গড়া দলের কাছেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। তাই বাংলাদেশ দলকে ফাইনালে যেতে হলে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেই যেতে হবে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই ব্যাপারে তিনি বলেন, ‘ফাইনালে যেতে হলে আমাদের সামনের ম্যাচগুলোতেও ভালো খেলতে হবে। এখনো যেকোনো কিছু হতে পারে। আমরা সামনের দিকেই তাকাচ্ছি।’

প্রতিটা সিরিজের প্রথম ম্যাচেই জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ আর সেই কারণেই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জয় পাওয়াতে বেশ স্বস্তি খুঁজে পাচ্ছেন অধিনায়ক মাশরাফি। তিনি জানান, ‘শুরুটা সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে এমন পারফরম্যান্সের পর ছেলেরা আজ ভালোই করেছে। পরের ম্যাচের আগে এই জয় প্রেরণা জোগাবে।’