বর্তমানে আইসিসির ইভেন্ট মানেই রানের বন্যা। উইকেট তৈরী করা হয় ব্যাটিং সহায়ক। এই কারণে ধারণা করা হচ্ছে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হবে ৩০০ এর বেশি স্কোরের। উইকেটের কথা মাথায় রেখে দলকে বিশেষ ভাবে সাজাচ্ছে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। কন্ডিশন বিবেচনা করে এঁকেছেন নতুন পরিকল্পনা। এখন তিনি বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ বড় করার ব্যাপারে কাজ করছেন।

বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ বড় করার ব্যাপারে স্টিভ রোডস জানান, “লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেবল একজন বোলার থাকে যে ব্যাটিংয়ে অতো পারদর্শী নয়, তিনজন নয়। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।”

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “ঝড়ো ব্যাটিং করার ক্ষমতা সাব্বিরের রয়েছে। শেষের রান বাড়ানোর সামর্থ্য তার রয়েছে। যদি ওভারপ্রতি ৭ করে প্রয়োজন তাহলেও তার বোঝার ক্ষমতা রয়েছে যে কাজটা তারই শেষ করে আসতে হবে। মাহমুদউল্লাহর বেলাতেও ব্যাপারটা একই। মোসাদ্দেক কি করতে পারে আপনারা দেখেছেন। এছাড়া মিরাজ, মিঠুন, সাইফুদ্দিনকে আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে দেখতে চাই। পাঁচ, ছয়, সাত , আট, নয় এমন পজিশনে তারা খেলবে। মাশরাফিও মারতে পারে।”