বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বড় হাড়ের এই ম্যাচেও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে স্বস্তি এনে দিয়েছে মুস্তাফিজুর রহমানের বোলিং। ইনিংসের শুরুতে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম স্পেলে ৫ ওভারে ১ উইকেট তুলে নেওয়ার বিনিময়ে দিয়েছিলেন মাত্র ১৯ রান।

গতকাল ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং প্রসঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মুস্তাফিজকে তার পুরনো গতিতে বল করতে দেখে আমি স্বস্তি পাচ্ছি। সে বলও করেছে ভালো, এবং গতিও ছিল ১৪০ এর কাছাকাছি। সে এভাবে বল করলে আমাদের বোলিং ইউনিট ভিন্ন রূপ ধারণ করবে।’

ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুন ইনিংস উপহার দিয়েছে ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দুইজনের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মুশফিক ধারাবাহিক পারফর্ম করছে- এটা বেশ গুরুত্বপূর্ণ। লিটনও তার কাজ করে যাচ্ছে। ভালো হতো দুজনই যদি সেঞ্চুরি করতে পারত। রিয়াদ আরও কিছু সময় ক্রিজে থাকলে আমরা ৩০০ রান করতে পারতাম। আমি মনে করি ভারতের শক্তিশালী দলকে মোকাবেলা করা আমাদের মূল ম্যাচে কাজে দিবে।’

গতকালের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানেরা একজন আউট হওয়ার পরের বলেই আউট হয়েছেন আরেকজন। এই ব্যাপারটি দৃষ্টিকটু ঠেকেছে অধিনায়ক মাশরাফির কাছে। এই ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমরা এভাবে জোড়ায় জোড়ায় উইকেট হারাতে পারি না। ৩৫০ এর বেশি রান তাড়া করতে সেক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। মুশফিক ও লিটন দুজনই আগ্রাসী হওয়ার মুহূর্তে আউট হয়েছে। সাকিব ও মিঠুনও প্রথম বলে আউত হয়েছে, যদিও ভালো বল ছিল।’