আজ বাংলাদেশ সময় বিকালে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের আগে দুই দলের অবস্থা ঠিক দুই মেরুর মত। বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে ধারাবাহিক জয়ের মধ্যে। কিছু দিন আগেই ত্রিদেশীয় সিরিজের প্রথম শিরোপা ঘরে তুলেছে দলটি। অন্য দিকে পাকিস্তান দল পার করছে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম খারাপ সময়। টানা একের পর এক সিরিজ হার সেই সাথে একাদশ নিয়ে টানাপোড়নের মধ্যে যাচ্ছে একবারের বিশ্বকাপ জয়ী দলটি।
এই কারণে আজকের প্রস্তুতি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কেননা বাংলাদেশ দল চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে এবং পাকিস্তান চাইবে বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিয়ে জয়ের ধারায় ফেরার জন্য। তবে পাকিস্তানের বর্তমান ‘ভগ্নদশা’ কিংবা বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেটের ছোঁয়ার প্রস্তুতি ম্যাচের তকমা নিয়ে গা-ছাড়া মনোভাব নেই বাংলাদেশ দলের আবহাওয়ায়। সাংবাদিকদের সাথে আলাপকালে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ দুটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের গুরুত্ব সম্পর্কে মেহেদী হাসান মিরাজ জানান, ‘খুব অল্প সময় হাতে আছে। মূল ম্যাচের আগে প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস ম্যাচ দুটিও অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাক কন্ডিশন সম্পর্কে আমরা কোনো ধারণা পেতে পারি কি না, সেক্ষেত্রে মূল ম্যাচ সহজ হয়ে যাবে। নিজেদের ঘাটতি দূর করার জন্যও প্রস্তুতি ম্যাচ জরুরী।’
স্তুতি ম্যাচ বলে এই ম্যাচে টাইগারদের গা-ছাড়া কোনো ভাব আছে কিনা এই প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘কোনো গা-ছাড়া ভাব নেই। সবসময়ই সব ম্যাচ আমাদের কাছে গুরুত্ববহ। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে মূল ম্যাচে লড়াই সহজ হবে। বিশ্বকাপের ম্যাচ অবশ্যই অনেক হাই ভোল্টেজের, অনেক চাপ থাকবে। এখানে শতভাগ দিতে পারলে ওখানে কাজ সহজ হয়ে যাবে।’