এক দশকের বেশি সময় ধরে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। দীর্ঘ এই সময় ব্যাটিং করেছেন দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে। তবে ক্যারিয়ারের বড় সময় ব্যাট করেছেন দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। সম্প্রতি বদলেছেন ব্যাটিং পজিশন সেই সঙ্গে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় খুঁটি। এতক্ষন বলছিলাম পৃথিবী সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। যিনি কিনা এই বিশ্বকাপে ব্যাটিং পজিশন বদলে রীতিমতো ইতিহাস রচনা করেছেন বাংলাদেশ দলের হয়ে।
বিশ্বকাপে টানা তিন ইনিংসে পঞ্চাশ ছাড়ানো ইনিংস, শেষ ম্যাচে তো শতকই হাঁকিয়েছেন সাকিব। এমন পারফর্মেন্সের পর সাকিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন নতুন ব্যাটিং পজিশনে কি রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাকে। জবাবে সাকিব বলেন, ‘আপনাকে ভিন্ন অবস্থার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আমি ব্যাপারটা উপভোগ করছি। এটি মাত্র শুরু, আমার যত বেশি সম্ভব ব্যাট ও বল হাতে দলে অবদান রাখতে হবে।’
দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করা এবং দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করা এই দুই পজিশনের ভিন্নতা সম্পর্কে সাকিব বলেন, ‘তিনে বের করায় ব্যাট হাতে অবদান রাখার সুযোগ আমার জন্য বেড়ে গেছে। এখন আমি উপভোগ করছি। কিন্তু টুর্নামেন্টে আরও অনেক ম্যাচ আছে। এরপর হয়ত… (দুই পজিশনের ভিন্নতা বুঝতে পারবেন)।’