বিশ্বকাপের মঞ্চে ‘কঠিন বাস্তবতা’ টের পাচ্ছে আফগানরা

এবারের বিশ্বকাপ শুরুর আগে মোটামুটি ভালই খেলছিল আফগানিস্তান ক্রিকেট টিম। যার কারণে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল আফগান খেলোয়াড়েরা। তাদের প্রত্যাশাটাও ছিলো অনেক বড়। কিন্তু সেই আশায় গুড়ে বালি বিশ্বকাপ শুরু না হতেই বাস্তবতা টের পেয়েছে আফগানরা। প্রথম তিন ম্যাচেই হেরেছে তারা। তবে আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব মনে একটি ম্যাচে জয়ের দেখা পেলেই সব কিছু আগের মত হয়ে যাবে।

আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব বলেন, ‘মানসিকভাবে এখনও আমরা শক্ত অবস্থানে আছি। আমাদের কেবল একটা ভালো ম্যাচ প্রয়োজন। আশা রাখি আমরা সেটা করতে পারবো। আমাদের একটা মোমেন্টাম দরকার। আমরা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো শুরু পাচ্ছি। বিশেষ করে আফতাব আলম ও হামিদ হাসান বোলিংয়ে খুব ভালো শুরু এনে দিচ্ছে।’

বিশ্বকাপের কঠিন বাস্তবতা টের পেয়ে গুলবাদিন নায়েব জানান, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি। সেখানে আমরা মাঠে নিজেদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। সব খেলোয়াড়রাই মাঠে সেরাটা দিয়েছেন। কিন্তু এখানে খুব কঠিন ক্রিকেট হচ্ছে। দলগুলোও খুব ভালো। আপনি এখানে খুব বেশি সুযোগ পাবেন না। আমরা ইনিংসের শুরুতে ভালো করলেও মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলছি।’

গুলবাদিন নায়েব আরো বলেন, ‘আপনি যখন ম্যাচ হারবেন তখন ড্রেসিংরুমের পরিস্থিতি এমনিতেই কঠিন হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় আমার দলের সবাই জানে, আমরা একপেশেভোবে ম্যাচ হারিনি। আমাদের কেবল একটা ম্যাচ প্রয়োজন। আমি জানি ছেলেরা কিভাবে খেলছে, আমরা এক বছর ধরে খুব ভালো খেলেছি। আমরা আবারও নিজেদের সেরা খেলায় ফেরার চেষ্টা করবো।’

আপনার মতামত দিন