রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সদবেদনা প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। বিসিবির এই শোকবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম শ্রীলংকা থেকে বলেছেন,‘মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা সকলেই শোকাভিভূত। আমরাও তার পরিবারের সদস্যদের মতো সমব্যথী। তিনি কতটা ক্রিকেটানুরাগী ছিলেন তা প্রকাশ পায় আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাওয়া এবং বিপিএল উদ্বোধনীতে উপস্থিত হওয়ার মধ্যদিয়ে।’
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি সম্মান রেখে বাংলাদেশ জাতীয় দল ২৩ মার্চ শনিবার প্রথম ওয়ানডেতে প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ পরিধান করে মাঠে নামবে।