বেশ ক’দিন ধরে পাকিস্তানের প্রধান কোচ হওয়ার রেসে এক নম্বর হিসেবে হোয়াটমোরের নাম জোরেশোরেই শোনা যাচ্ছে। তাহলে পাকিস্তানের কোচ হতেই যাচ্ছেন ডেভ হোয়াটমোর? এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডেভ হোয়াটমোর সঙ্গে আলোচনায় বসতে লাহোরে পৌঁছেছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক এ কোচ। ধারণা করা হচ্ছে, পিসিবির সঙ্গে সফল আলোচনাই হবে হোয়াটমোরের। মিসবাহ উল হকদের কোচ হওয়ার জন্য এরই মধ্যে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হোয়াটমোর। জানা যায়, গতকাল সকালে হোয়াটমোর লাহোরে পৌঁছালে পিসিবির লজিস্টিকস ম্যানেজার মাকসুদ আহমেদ তাকে স্বাগত জানান। কোচ কমিটি ও পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর পাকিস্তানের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ইংল্যান্ডের বিপক্ষে পাক সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পিসিবি জানিয়েছে, স্থায়ী বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে সময়ের অপেক্ষায় আছেন আকিব জাভেদ। পিসিবি আরও জানায়, প্রধান কোচই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলে বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ মহসীন খানের কাছ থেকে দায়িত্ব নেবেন হোয়াটমোর। বর্তমানে মহসীন খানের অধীনে দারুণ পারফরমেন্স করছে পাকিস্তান। ওয়াকার ইউনুসের পদত্যাগের পর পাকিস্তানের কোচের পদ শূন্য হয়।