খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করলো গত লিগের শিরোপাধারী ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। খেলাঘরের দেয়া ১১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নাসিরের ভিক্টোরিয়া ৫ উইকেট হারিয়ে ৯৫ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে। রোববার নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জয় লাভ করে খেলাঘরের অধিনায়ক ফয়সাল হোসেন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে খেলাঘর ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। খেলাঘরের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মোসাদ্দেক ইফতেকার। এছাড়া শুভাগত হোম ২১,ফজলে রাব্বি ২০ রান করেন। মোসাদ্দেক ইফতেকার ৪৮ বলে ১ চার ও ১ছয়ে ২৯ রানের ইনিংস খেলেন। ভিক্টোরিয়ার হয়ে এনামুক হক ২টি এবং সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, নাসির হোসেন এবং সরকার আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন। সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১৮ রান তুলতেই মাইসিকুর(১) ও সৌম্য সরকার(১০) রানে ফিরে যান। তৃতীয় উইকেটে নাসির ও এনামুল বিজয় ৪৮ রান যোগ করেন। এনামুল ১২ রানে ফিরে যাবার পর নাসির একাই দলকে টেনে নিয়ে যান। ৬৬ রানের ইনিংস খেলে তিনি দলের জয় নিশ্চিত করেন। নাসির ৮১ বলে ৫ চার ৫ ছয়ে তাঁর ইনিংসটি সাজান। নাসিরের ৬৬ রানের ইনিংসটি থামান নিজামউদ্দিন রিপন। শেষ দিকে জুবায়ের আহমেদ ১৬ এবং সাজেদুল ইসলাম ৯ রানের অপরাজিত থেকে এবারের লিগে দলের প্রথম জয় নিশ্চিত করেন। ভিক্টোরিয়ার নাসির হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন। অন্যদিকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটা ব্রাদার্সের প্রথম জয় আর গাজী ট্যাঙ্কের প্রথম হার। পাঁচটি উইকেট নিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। প্রথম ম্যাচেও রুবেল হোসেন ৬ উইকেট নিয়েছিল। বিকেএসপি তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ বলে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। গাজী ট্যাংকের ইনংসের ২৩ ওভারের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজী ট্যাঙ্কের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ২৪৪ রান। ৯ উইকেট হারিয়ে ১০৭ রানেই থেমে যায় গাজী ট্যাঙ্কের ইনিংস। সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের অধিনায়ক তামিম ৯১ বলে শতক পূর্ণ করেন। ৬২ বলে অর্ধশত পূরণের পর মাত্র ২৯ বলে শতক পূরণ করেন তিনি। আরাফাত সানীর বলে ফিরে যাবার আগে তামিম ১১ চার ও ৩ ছয়ে তাঁর ইনিংসটি সাজান। এছাড়া তামিমের বড় ভাই নাফিস ইকবাল ৩৮ এবং আজহার মেহমুদ ৩৩ রান করেন। গাজী ট্যাংকের হয়ে রুবেলের পাঁচ উইকেট ছাড়াও আরাফাত সানি নেন ২ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে আফতাব আহমেদ (৩৬) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি গাজী ট্যাঙ্ক। দলের প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়। শূন্য রানে সাজঘরে ফেরেন তিন ব্যাটিং ভরসা রকিবুল হাসান, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও স্কট স্টাইরিস। রুবেল (১৮*) ও নাঈম ইসলাম জুনিয়রের (১৩*) মধ্যকার দশম উইকেট জুটির দৃঢ়তায় শতক পার হয় তারা। ব্রাদার্সের হয়ে ইমতিয়াজ, আজহার ও সানজামুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল। এছাড়া লিগের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী দিনের খেলায় নাঈম ইসলামের সেঞ্চুরিতে ৮৫ রানের বড় ব্যবধানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে কলাবাগান ক্রীড়া চক্র আগে ব্যাট করে নাঈম ইসলামের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৪ রান করে। নাঈম ৯৫ বলে ১২টি চারের সাহায্যে ১০৪ রান করেন। প্রাইম ব্যাংকের তাপস বৈশ্য ও জীবন মেন্ডিস ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪১ দশমিক ৪ ওভারে ১৬৮ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ভানুকা রাজাপাকসে। এছাড়া জিয়াউর রহমান ২৪ ও ফরিদউদ্দিন মাসুদ অপরাজিত ২৬ রান করেন। কলাবাগানের জিহান মুবারক ৩টি এবং সিনতাকা ডি সিলভা, রাকিবুল হাসান ও ফরহাদ হোসেন ২টি করে উইকেট লাভ করেন। কলাবাগানের অধিনায়ক নাঈম ইসলাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।