চলতি মৌসুমে একেবারেই চেনা রূপে দেখা যায়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে। ফলস্বরূপ বেশির ভাগ ম্যাচেই খেলার সুযোগ পায়নি প্রথম একাদশে। কিন্তু মার্চে দ্বিতীয় মেয়াদে জিনেদিন জিদান কোচ হিসেবে ফেরার পর আস্তে আস্তে বদলাতে শুরু করেছে মার্সেলোর ভাগ্য। সেই সঙ্গে কোচের আস্থার প্রতিদানও দিতে শুরু করেছেন এই লেফট-ব্যাক।

সর্বশেষ লা লিগার ম্যাচে আথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ শেষে মার্সেলো জানান, “এই ক্লাবেই আমি আমার মনোযোগ রাখছি। এই মৌসুমে যা কিছু ঘটেছে তা আমাকে একেবারেই প্রভাবিত করেনি। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং খেলি বা না খেলি সতীর্থদের সাহায্য করছি।”

চলতি মৌসুমের শুরু থেকেই দলবদলের বাজারে জোর গুঞ্জন মৌসুম শেষ হলেই বন্ধু রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাসে পারি দেবে অভিজ্ঞ লেফট-ব্যাক মার্সেলো। এই প্রসঙ্গে মার্সেলো বলেন, “এই জার্সি পরে আমি কতটা খুশি এখানে সবাই সেটা জানে এবং অনুশীলনে বা মাঠের খেলায় প্রতিদিন আমি এটা দেখাই। বাইরে আমাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। আমি ভাবছি-না, আমি ভাবছি না, আমি জানি-যে মাদ্রিদ আমার বাড়ি এবং যারা আমাকে জানেন তারা এই সত্যটা জানেন।”