আজ সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য উন্মোচন করা বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল জার্সি। এবং জার্সি উন্মোচনের পাশাপাশি হয় অফিসিয়াল ফটোশুট। অথচ জার্সি উন্মোচন এবং অফিসিয়াল ফটোশুটের সময় অনুপস্থিত ছিলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

জার্সি উন্মোচনের সময় সাকিবের না থাকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘দুঃখজনক, আর কী বলবো..আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’
বিশ্বকাপের ফটোশুটে অনুপস্থিত থাকা সাকিবের জন্য ‘দুর্ভাগ্য’ বলে মনে করেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’ শুধু তাই নয় সাকিবের এমন আচরণে বেশ রাগানিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করে নাজমুল হাসান পাপন বলেন, ‘টিম যখন পরশু চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’