ইনিংসের শুরুতেই ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়া যাবে না। বোলিংয়ে শুরুতে তুলে নিতে হবে প্রতিপক্ষের দুই ,তিনটি উইকেট। এই পন্থা অবলম্বন করলেই বিশ্বকাপে সাফল্য পাবে বাংলাদেশ দল বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বলে গিয়েছেন ইংল্যান্ডের কন্ডিশনে কোন ঘাটতিগুলো পুষিয়ে নিতে হবে বাংলাদেশ দলকে।

মাশরাফি বিন মুর্তজা বলেন, “আমার কাছে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো, শুরুর দিকে উইকেট না দেওয়া, যদি আগে ব্যাট করি। দুটি উইকেট পড়ে গেলে আমরা চাপে পড়ে যাবো। দুই নম্বর বিষয় হলো, আগে বোলিং করলে দ্রুত উইকেট নেওয়া। আমার মনে হয়, ইংল্যান্ডের কন্ডিশনে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো, ৪৩ ওভারের পর বোলিং ও ব্যাটিং, দুটি জায়গাই ঠিক রাখতে হবে। মাঝের অংশে আমরা ভালো করছি। কিন্তু এই দুটি দিক যদি ঠিক রাখতে পারি, আমরা অনেকগুলো ম্যাচ জিততে পারব।”

বর্তমানে আইসিসির ইভেন্ট মানেই রানের বন্যা। উইকেট তৈরী করা হয় ব্যাটিং সহায়ক। সেক্ষেত্রে বাংলাদেশ দলকে মুখোমুখি হতে হবে বড় ধরণের চ্যালেঞ্জের। কারণ বাংলাদেশের অতীত পারফরম্যান্সে বড় রান করা বা তাড়ার উদাহরণ নেই, তবে মাশরাফির মনে আছে বিশ্বাস।

এই ব্যাপারে মাশরাফি বলেন, “আমরা অবশ্যই ৩২০-৩৪০ রান তাড়া করতে অভ্যস্ত নই। প্রতিপক্ষকে নিয়মিত ২৭০-২৮০ রানে আটকাতেও পারছি না। এখানে অভ্যাসের ব্যাপার আছে। তবে এর মানে এই নয় যে ৩২০ রান আমরা তাড়া করতে পারব না। ১ রানে হার আর ৭০-৮০ রানে হার একই কথা। আমাদের সর্বস্ব দিয়ে খেলতে হবে। ঝুঁকি নিতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। যে কোনো পরিস্থিতিতে লড়াই করব। এই মানসিকতা থাকলে যে কোনো কিছু সম্ভব।”