বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেহেতু ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের সঙ্গে আরও ৪ জন সদস্য রয়েছে তাই অনেকেই ভেবেছিলো সকলকেই সুযোগ দেওয়া হবে ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে না হওয়াতে পরীক্ষা-নিরীক্ষা করার খুব বেশি সুযোগ পাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট দল। কেননা টাইগারদের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করতে হলে এখনও তাকিয়ে থাকতে হচ্ছে একটি জয়ের দিকে।

গতকাল রবিবার (১২ মে) ডাবলিনে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানিয়েছেন বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে দল নিয়ে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ খুব একটা নেই। মিঠুনের ভাষ্যমতে, ‘আমার মনে হয় না এখানে বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে। আমরা এখানে টুর্নামেন্ট খেলতে এসেছি। আমরা আগে কখনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। আমাদের প্রধান লক্ষ্য সিরিজটা জেতার।’

আজ সোমবার উইন্ডিজকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ দলের। তার পরও এই ম্যাচকে নিয়ে আলাদা করে কিছু ভাবছেন মোহাম্মদ মিঠুন। এই ব্যাপারে মিঠুন জানিয়েছেন, ‘খেলোয়াড়েরা ঐভাবে চিন্তা করে না যে এক ম্যাচ বা দুই ম্যাচ জিতলেই ফাইনাল। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচেই যখন নামি, জেতার জন্য নামি। দুই দলই তাদের শেষ ম্যাচে ভালো করেছে। তবে আগের ম্যাচগুলো তো অতীত। এটা শুধু আত্মবিশ্বাস দিতে পারে, তাই এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন।

উইন্ডিজের সম্ভাব্য একাদশ: শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, কেমার রোচ।