বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। তবে এই ম্যাচে বাংলাদেশ দলের জয়ের বাঁধা হয়ে দাঁড়াতে পারে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় দুই তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল। তবে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন গেইল-রাসেলদের ঝড় মোকাবেলা করার জন্য আলাদা ছক কষেই মাঠে নামবে বাংলাদেশ।

গেইল-রাসেলদে প্রসঙ্গে কোর্টনি ওয়ালশ বলেন, “তাদের নিয়ে আমরা কিছু পরিকল্পনা করেছি। তারা দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের থামানোর চেষ্টা করতে হবে এবং ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দ্রুত আউট করতে হবে। তাদের ওপর মনোযোগ দিতে হবে। কারণ, তারা দুজনেই খুবই ভালো খেলোয়াড়।”

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশীয় সিরিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ জানিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি বলেন, “ত্রিদেশীয় সিরিজে আমরা প্রতিটি বিভাগেই দারুণ ধারাবাহিক ছিলাম। এখানে এসে আবহাওয়া আমাদের বিঘ্ন ঘটিয়েছে। পরের কয়েকটি ম্যাচে যদি আমরা ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারি ভালো কিছুই হবে।”