চলছে ক্রিকেট বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে বলার মত ফর্মে নেই বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। যার কারণে ফর্মে না থাকা সিনিয়র ক্রিকেটারদের শুনতে হচ্ছে নানা ধরণের কটু কথা এবং সমালোচনা। সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও করছে সমালোচনা। সম্প্রতি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে যারা সমালোচনা করছে তাদের ধুয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তামিম ইকবাল।

এই বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফিকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের উদেশ্যে তামিম বলেন, ‘কথাটা কারা বলে- এটা দেখা গুরুত্বপূর্ণ। আমার কথা বাদ দিই, মাশরাফি ভাইর কথাটাই বলি। আমি একটা ইন্টার্ভিউতে বলেছিলাম- যারা এই কথাটা লিখছে বা যারা এটা নিয়ে আলোচনা করছে তারা যদি ঐ লেখাটা লেখার আগে বা কিছু একটা বলার আগে দুইটা মিনিট যদি একটু চিন্তা করে আমি কার ব্যাপারে বলছি, তিনি কী করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য গত ১৫-১৬ বছরে… ধরুন সে আনফিট, সে তো ১০ বছর ধরেই আনফিট। তখন কিন্তু আমরা এটা আবেগি হয়ে দেখেছি। এখন হয়তবা একটু উনিশ-বিশ হচ্ছে দেখে বড় করে দেখছি।’

এই প্রসঙ্গে তামিম আরো বলেন, ‘এমন একটা ব্যক্তির ব্যাপারে আমরা এসব কথা বলছি যার হাত ধরেই আমাদের এতদূর আসা। আমার কাছে মনে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি যা করেছেন দলের জন্য, বাংলাদেশের ক্রিকেটকে এখানে আনার জন্য, উনার ব্যাপারে এভাবে কিছু মন্তব্য বা আলোচনা করা এটা খুবই অশোভন। তিনি যা করেছেন সেজন্য তিনি আরও সম্মানের দাবি রাখেন। অন্যরা কি বলছে তাতে আমি মোটেও পাত্তা দিই না। কিছু বিদেশি ক্রিকেটারও বলেছেন এ নিয়ে আমি শুনেছি, তো ওরা নিজেদের জীবনেই বা কি করেছেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। উনারা নিজের ক্যারিয়ারে কি করেছেন যে একটা মানুষকে নিয়ে এভাবে বলেন।’

‘সবার একটা অভিমত থাকে, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ না দেশের বাইরের লোকজন কী বলছেন। কিন্তু দেশের মানুষের এটা বোঝা উচিৎ- আমি যখন মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কথা বলছি, সে তো দেশকে অনেক কিছু দিয়েছে। ভালো খেলবেন আবার খারাপ খেলবেন, আবার ভালো খেলবেন আবার খারাপ খেলবেন- এই চক্রের মধ্য দিয়েই আপনাকে যেতে হবে। শুধু ভালো খেললেই সাথে থাকবেন এমনটা তো না। যখন খারাপ খেলবে তখনও সাথে থাকতে হবে।’