বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে জিতবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স! এমনই প্রত্যাশা ছিল অনেকের। আর যা হোক ঢাকাবাসীর সবাই দলটির শুভ সূচনা দেখতে চেয়েছিলেন। নিজ ফ্র্যাঞ্চাইজিকে উত্সাহ জোগাতে গ্যালারিতেও ঢাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ঢাকাবাসীর এমন প্রত্যাশা আর পূরণ হয়নি। বিপিএলে শুরুটা একদম ভালো হয়নি শক্তিশালী দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। ঢাকার দর্শকদের মারাত্মকভাবে হতাশ করেছেন আশরাফুল-মাশরাফিরা। বিপিএল টি-টোয়েন্টিতে গতকাল নিজেদের প্রথম ম্যাচেই খুলনা রয়্যাল বেঙ্গলসের কাছে ১৯ রানের হার মানতে হয়েছে ঢাকাকে। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে দারুণ উচ্ছ্বসিত সাকিব আল হাসানের খুলনা রয়্যাল বেঙ্গলস
গতকাল দুপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা রয়্যালসের অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। খুলনা রয়্যালসের শুরুটা ছিল অনেক ধীর-স্থির গোছের। তবে সময় গড়ানোর সঙ্গে ঢাকার বোলারদের প্রতি ধীরে ধীরে চড়াও হতে থাকেন খুলনার ব্যাটসম্যানরা। দলের প্রত্যেকের ব্যাট থেকে পর্যাপ্ত রান আসায় নির্ধারিত ওভার শেষে দলের স্কোরে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় খুলনা রয়্যাল বেঙ্গলস। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন দলটির আইকন ক্রিকেটার ও অধিনায়ক সাকিব আল হাসান। নাভেদ-উল-হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৩১ বলে পাঁচটি চারের সাহায্যে ৪২ রানের মারমুখী একটি ইনিংস খেলেন তিনি। ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন উইন্ডিজ ব্যাটসম্যান ডুয়াইন স্মিথ। ১৫ বলে সমপরিমাণ রান করে অপরাজিত থাকেন অপর উইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ১২ বলে ২২ রান নিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশের নাসির হোসেন। এর আগে ১৯ রান করেন ক্যারিবীয় ওপেনার শিব নারায়ণ চন্দরপল। প্রতিপক্ষ দলের বোলারদের কাছে সহসা আত্মসমর্পণ না করে ছক্কা-চারে গ্যালারি মাতিয়েছেন খুলনা রয়্যালসের প্রত্যেক ব্যাটসম্যান। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলারদের পক্ষে পাকিস্তানি পেসার আজহার মাহমুদ চার ওভার বল করে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মোশাররফ হোসেন, নাভেদ-উল-হাসান ও ইলিয়াস সানি। তিন ওভার বল করে ২৭ রান দিলেও কোনো সফলতার মুখ দেখেননি ঢাকার অধিনায়ক পেসার মাশরাফি বিন মর্তুজা।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ১৫৬ রানেই থেমে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। হাতে তিনটি উইকেট অবশিষ্ট থাকলেও ওভার সংকুলানের কারণে জয়ের বন্দরে নোঙ্গর ফেলা সম্ভব হয়নি ঢাকার। তবে তাদের শুরুটা একেবারে বাজে ছিল না। প্রথম দুই উইকেটে দলের স্কোরে ৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। পরবর্তী ব্যাটসম্যানরা মোটামুটি রান পেলেও বড় কোনো ইনিংস খেলতে না পারায় জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে পারেনি মাশরাফির ঢাকা। ৩২ বল খেলে অপরাজিত থেকে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন উইন্ডিজ ব্যাটসম্যান কিরন পোলার্ড। সমপরিমাণ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস। ১৬ বলে ২৮ রান আসে পাকিস্তানি ব্যাটসম্যান আজহার মাহমুদের ব্যাট থেকে। ঢাকার আইকন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করেছেন মাত্র নয় রান। উইকেটে নেমেই আন্দ্রে রাসেলের বলে হার্সেল গিবসের হাতে ক্যাচ দেয়াতে রানের খাতা খোলার সময় পাননি ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একপর্যায়ে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ১৫৬ রানে থেমে যায় ঢাকা। ফলে প্রথম ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে শক্তিশালী দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ব্যাট হাতে সফলতার পর বল হাতেও দারুণ চমক দেখিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ঢাকার সাতটি উইকেটের মধ্যে চারটি উইকেটই নেন এ পেসার। এ জন্য চার ওভার বল করে ৩৫ রান গুনতে হয়েছে তাকে। একটি করে উইকেট নেন সাকিব ও নাসির। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।