সাহারা কাপ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ দল ৪ উইকেটে মোট ৩৬১ রান করেছে। দিনের প্রথম সেশনটি বাংলাদেশ দল প্রভাব বিস্তার করলেও পরের তিনটিতে চালকের আসনে ছিল ক্যারিবীয়রা। সোহাগ গাজীর স্মরণীয় অভিষেকের পরও শিবনারায়ণ চন্দপল ও কাইরন পাওয়েলের শতকের সৌজন্যে মঙ্গলবার টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৬১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।চন্দরপল ১২৩ ও দীনেশ রামদিন ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করে। পঞ্চম উইকেটে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। চন্দরপলের এটি ২৬তম টেস্ট শতক, বংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ১২৩ রানের ইনিংসে ১৭টি চারের মার মারেন এই ব্যাটসম্যান।

সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৬৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নামা অফস্পিনার সোহাগকে দিয়ে বোলিং উদ্বোধন করান অধিনায়ক মুশফিকুর রহিম। ইনিংসের প্রথম বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে সোহাগকে আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগত জানান গেইল। চতুর্থ বলে আবারো ছক্কা, প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৮/০। সেই ওভারের পরও সোহাগের ওপর আস্থা ছিল মুশফিকের। পঞ্চম ওভারের শেষ বলে গেইলকে (২৪) লং অফে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করে প্রথম টেস্টের প্রথম উইকেট পান এই অফস্পিনার।

প্রথম সেশনে এর পর আরো দুটি উইকেট হারায় ক্যারিবীয়রা। দুটিতেই অবদান ছিল সোহাগের। দলীয় ৭৪ রানে ড্যারেন ব্রাভোকে পয়েন্টে রুবেল হোসেনের সহজ ক্যাচে পরিণত করে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন তিনি। মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে শাহাদাত হোসেনের বল পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন মারলন স্যামুয়েলস। এতোটুকুতেই সারাদিনের জন্যে সন্তুষ্ট থাকতে হয়। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া অতিথিরা শেষ দুই সেশনে একরাশ হতাশা উপহার দিয়েছে স্বাগতিকদের। এই সেশনে পাওয়েল-চন্দরপলের চতুর্থ উইকেট জুটির সৌজন্যে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ সেশনের দ্বিতীয় ওভারের প্রথম বলে পাওয়েলকে বোল্ড করে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠা ১২৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙ্গেন সোহাগ। দলীয় ২৩১ রানে বিদায় নেয়ার আগে ১১৭ রান করেন পাওয়েল। এটি তার দ্বিতীয় শতক। তার ১৭৮ বলের ইনিংসটি ১৮টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। ৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিয়েছিলেন মুশফিক। সোহাগের একটি জোরালো আবেদন ছাড়া আর তেমন কিছু করতে পারায় রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬১/৪ (গেইল ২৪, পাওয়েল ১১৭, ব্রাভো ১৪, স্যামুয়েলস ১৬, চন্দরপল ১২৩*, রামদিন ৫২*, সোহাগ ৩/৯৭, শাহাদাত ১/৭৩)