বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারের আইপিএলে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েও বেশির ভাগ ম্যাচেই বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চে। টিম কম্বিনেশন এবং দলে বিদেশি ক্রিকেটাররা দারুণ ছন্দে থাকায় সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে বলে মনে করেন সাকিব আল হাসান। সেই সাথে টিম কম্বিনেশনের কারণে এমনটা যে ঘটতে পারে সেটা তিনি আগেই জানতেন।

টানা আট ম্যাচ বসে থাকার পর গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নাম সাকিব। অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নিয়ে সাকিব বললেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা আমাদের কাজটা জানি। আমাদের বিদেশী খেলোয়াড়রা যেভাবে খেলছিলেন, তারা আমাকে নিতে পারছিল না। আমি জানতাম এমনটা ঘটতে পারে। ওয়ার্নার আর জনি বেয়ারস্টো আমাদের দলের ৬০-৭০ শতাংশ রান করেছে। কেন উইলিয়ামসন আমাদের অধিনায়ক আর রশিদ তো রশিদই। সুযোগ পাওয়াটা কঠিন ছিল। আমি এটা নিশ্চিত করতে চেয়েছি যে আমি কঠিন পরিশ্রম করব এবং যখন সুযোগ আসবে তখন দলের জন্য অবদান রাখব।”

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজারস হায়দরাবাদের হয়ে এ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন তিন নম্বরে ব্যাটিং করে মনিশ পান্ডে। সুযোগটাকে কাজে লাগিয়ে ৪৯ বলে ৮৩ রানের চমৎকার একটি ইনিংস উপহার দেন মনিশ পান্ডে। মনিশ পান্ডের প্রশংসা করে সাকিব বলেন, “মনিশ তিন নাম্বারে ব্যাটিং করার সুযোগটা দুই হাতে কাজে লাগিয়েছে। সে যেভাবে খেলেছে সেটা অসাধারণ। আশা করছি সে তার ফর্ম ধরে রাখবে।”

বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল ছাড়তে হচ্ছে সানরাইজারস হায়দরাবাদের ওপেনার ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। হায়দরাবাদ দলে বেয়ারস্টোর বিকল্প কে হবে এই বিষয়ে সাকিব বলেন, “জনি কাল চলে যাচ্ছে। আমাদের একটা ভিন্ন পরিকল্পনা করা প্রয়োজন। টিম ম্যানেজম্যান্ট প্রতিপক্ষ এবং কন্ডিশন দেখে সেরা কম্বিনেশন বাছাই করব। আমাদের একটা শক্তিশালী স্কোয়াড আছে। প্রায় ছয়-সাত ধরণের কম্বিনেশন বানানো যাবে এবং সেখান থেকে একটা বেছে নিতে হবে। আমি মনে করি আমাদের থিঙ্ক ট্যাঙ্ক সঠিক সিদ্ধান্তটাই নিবে।”