একদিন আগে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের হারানোর পর আজ রবিবার আবারো মাঠে নেমেছে টাইগাররা। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ার পর টাইগারদের সামনে এখন চার বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের হাতছানি। ১২১ রানের ব্যবধানটা টাইগারদের জন্যে এক নতুন রেকর্ড। এর আগে কোন দলের বিপক্ষে বিদেশের মাটিতে শত রানের জয়ের রেকর্ড ছিলো না। মুশফিকের জন্যে নতুন প্রাপ্তি হচ্ছে তৃতীয় সিমার হিসেবে একজন অলরাউন্ডার পাওয়া। জিয়াউর রহমান গতকালের জয়ের নায়ক। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। অপরদিকে ব্যট হাতে তার পারদর্শিতাও অনেক। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ একই একাদশ নিয়ে মাঠে নামবে। হাবিবুল বাশারের নেতৃত্বে ২০০৯ সালে এই বুলাওয়ে মাঠেই বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল। অপরদিকে শেষবার বাংলোদেশ ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছিল। আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে বাংলাদেশ কি পারবে ২০১১ এর সিরিজ হারের প্রতিশোধ নিতে?