২০১৫ বিশ্বকাপের সময়সূচি ও গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে ২০১৫ সালে বিশ্বকাপ আয়োজন করা হবে। গ্রুপ এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এছাড়া আরও দুটি দল এখনো নিশ্চিত হয়নি। গ্রুপ ‘বি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এবং কোয়ালিফাই রাউন্ডের শীর্ষ দল আয়ারল্যান্ড ও চতুর্থ শীর্ষ দল। মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ডকল্যান্ডের পেনিনসুলা সেন্ট্রাল পিয়ার থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বর্তমানে আইসিসি সহসভাপতি মোস্তফা কামাল। এছাড়া নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ঘোষণা দেন আইসিসি সভাপতি অ্যালান ইসাক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ১৪ দলের ২০১৫ বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৯টি। দুই দেশের মোট ১৪টি ভেন্যুতে হবে খেলাগুলো। গ্রুপ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২০১৫ এর ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ২৯ই মার্চ পর্যন্ত। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হলো, এ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানাবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হলো, অকল্যান্ড, ওয়েলিংটন, হ্যামিল্টন, ন্যাপিয়ার, নেলসন, ডুনেডিন ও ক্রিশচার্চ।