হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছে না আবাহনী। প্রিমিয়ার লিগে ছয় রাউন্ডের ছয় ম্যাচে জয়ের মুখ দেখেছে মাত্র ১টি। লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে দূর্বল সিসিএসের বিপক্ষে। এরপর টানা পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। বুধবার লিগের ষষ্ঠ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে হেরেছে ১২০ রানে। প্রাইম ব্যাংকের দেয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় আবাহনী। প্রাইমের হয়ে ফতুল্লা স্টেডিয়ামে সকালে ব্যাটে রান পান ওপেনার সৈকত আলী। সৈকত আলীর ৫৯ রানের সাথে ভানুকা রাজাপাকাসা সর্বোচ্চ ৬৯ রান করেন। আরেক শ্রীলংকান লাহিুরু থিরিমান্নে করেন ৫২ রান। শেষ দিকে তাপস বৈশ্য ৩০ বলে ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল জুনিয়রের স্পিন ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে নামে আবাহনীর ব্যাটসম্যানরা। জাতীয় দলের এই স্পিনার একাই ৪ উইকেট তুলে নেন। তাকে সঙ্গ দেন ফরিদউদ্দিন মাসুদ ও রেজাউল করিম। ফরিদউদ্দিন ৩টি ও রেজাউল করিম ২ উইকেট তুলে নেন। আবাহনীর হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আল-আমিন(২)। জাতীয় দলে ডাক না পাওয়া শাহরিয়ার নাফীস করেন মাত্র ১৫ রান। দিন শেষে প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল জুনিয়র ম্যাচ সেরা নির্বাচিত হন।