ড্র দিয়েই শেষ হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লড়াই। চতুর্থ ইনিংসে ৪৬ ওভারে ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। এরপর দুই দলের সম্মতিতে আম্পায়ার ড্র ঘোষণা করেন খেলা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে দশম টেস্টের দ্বিতীয় ড্র বাংলাদেশের। গত বুধবার টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। সব উইকেট হারিয়ে ৪৬৯ রান জমা করে তারা। জবাবে ৫০১ রান তুলে বাংলাদেশ লিড নেয় ৩২ রানের। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৭৩ রান জমা করে। চতুর্থ ইনিংসে জয়ের জন্যে খেলতে নেমে দলীয় ৩৯ রানে এনামুলকে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩ রান করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে ফিরে যান ১৮ রানে। এরপর তামিম ও মার্শাল যোগ করেন ৬০ রান। দলীয় ৯৯ রানে তামিম ৪৫ রানে ফিরে যাবার পর ২ রানের ব্যবধানে মার্শাল ৩১ রানে ফিরে যান। এরপর দিনের শেষ ভাগ পর্যন্ত মমিনুল ও সাকিব অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে বাকি সময়টুকু শেষ করেন। মমিনুল ২২ ও ৫০ রানে অপরাজিত থাকেন। ক্যারিয়ারের ১৪তম অর্ধশত হাকাতে সাকিব ৩৯ বল মোকাবেলা করে ৪টি চার ও ৩টি ছয় হাকান। পঞ্চম ও শেষ দিনে মধ্যাহ্ন বিরতীর পর সোহাগ গাজীর ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। হ্যাটট্রিকসহ এই স্পিনার ৬ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শতক হাকান সোহাগ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এক টেস্টে হ্যাটট্রিক ও শতক পূর্ণ করে রেকর্ডবুকে লিখিয়ে রাখেন তিনি। প্রথম টেস্টে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সোহাগ গাজী। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন গাজী। এছাড়া প্রথম ইনিংসে লোয়ার অর্ডারে নেমে ১০১ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।