bafufe২০০২ সালের মতো রেপ্লিকা নয়, এবার আসল বিশ্বকাপ আসছে বাংলার মাটিতে। ফুটবল বিশ্বকাপের জন্যে প্রচারণার অংশ হিসেবে পৃথিবী ঘুরছে বিশ্বকাপের ট্রফি। এবার সেই ট্রফি বাংলাদেশে ১৭ ডিসেম্বর বাংলাদেশ আসবে। থাকবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান বিশ্বকাপের সেই ট্রফি গ্রহণ করবেন। বিশ্বকাপের এই ইভেন্ট উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাংলাদেশের ১৫ হাজার মানুষকে তারা ইতিহাসের পাতায় বন্দি রাখতে চান। সংবাদ সম্মেলনে এ কথা জানান কোকাকোলার কান্ট্রি ম্যানেজার  দেবাশিষ দেব। এছাড়া বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিফা ট্রফি ট্যুর অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, বাফুফের সহ-সভাপতি বাদল রায় এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে বিশ্বকাপ ট্রফি। এক সঙ্গে ১৫ হাজার দর্শক দেখতে পাবেন ট্রফিটি। যার মধ্যে স্কুলের ছাত্রছাত্রী, এতিম, পথশিশু এবং কোকাকোলার প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে নয় হাজার এবং বাফুফে ও মিডিয়া কর্মীদের জন্য ছয় হাজার টিকিট। বাহিরে কোন টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে তৈরী করা একটি বিশেষ কক্ষে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। যেখানে একে একে সবাই ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন। আয়োজকদের পক্ষ থেকেই উপস্থিত থাকবেন একজন ফটোগ্রাফার যিনি ছবি তোলার সাথে সাথে ছবি দর্শকে দিয়ে দিবেন।   এদিকে নিরাপত্তার বিষয় নিয়ে বাফুফের গঠিত কমিটির সদস্য শেখ মারুফবলেন, ‘নিরাপত্তার বিষয়ে আমরা থাকবো সর্বোচ্চ পর্যায়ে। একজন ভিভিআইপিকে যেভাবে নিরাপত্তার বলয়ে রাখা হয়, ঠিক সেভাবেই এই ট্রফিকে নিরাপত্তা দেয়া হবে। সেটা মাঠ, রাস্তা কিংবা যেখানেই হোক।’