ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলো ভারত। মিরপুরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ২০ রানে হেরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। সাজঘরে ফিরেন শেখর ধাওয়ান (১৪), রোহিত শর্মা (৫) ও যুবরাজ সিং (১)। চতুর্থ উইকেটে ঘুরে দাড়ায় ভারত। ত্রাণকর্তা বিরাট কোহলী ও সুরেশ রায়না। ৫৩ বলে ৮১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। দুই ব্যাটসম্যানই অর্ধশতক তুলে নেন। কোহলী ইনিংসের শেষ পযন্ত খেললেও রায়নার ইনিংস ৫৪ রানে থেমে যায়। শেষ পযন্ত ভারত ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। বিরাট কোহলী ৪৮ বলে ৮ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন। তার সাথে ছিলেন অধিনায়ক ধোনী (২১)। জবাবে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর ৪৬ মাইকেল লাম্বের ৩৬ রানে ভালোই জবাব দিতে থাকে ইংল্যান্ড। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৮ রানে আটকে ২০ রানে পরাজয় বরণ করতে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হারিয়েছে ৮ উইকেটে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৭১ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ফতুল্লার উইকেটে পাকিস্তানের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছতে পারেনি। ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন উমর আকমল (১৭)। এছাড়া শোয়েব মাকসুদের ব্যাট থেকে ১৫ ও আহমেদ শেহজাদের ব্যাট থেকে ১২ রান আসে। প্রোটিয়াসদের হয়ে পার্নেল, হেন্ডরিকস ও তোসতোবে ২টি করে উইকেট নেন। সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪ ওভারে জয় নিশ্চিত করে প্রোটিয়াসরা। হাশিম আমলা ২৪ ও কক ১৫ রানে সাজঘরে ফিরলেও মিলার ১২ ও ডিভেলিয়ার্স ২০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।