ভাগ্য সাথে থাকলে তাসকিন এখন বাংলাদেশ দলের সাথে নিউজিল্যান্ডে থাকতো। কিন্তু সেটা সম্ভব হয়নি অসময়ের ইনজুরির কারণে। বরং দিন কাটছে নিজ বাড়িতে ক্রাচে ভর দিয়ে। এতো কিছুর পরেও আশার কথা হলো এখন ক্রাচ ছাড়ায় অল্প অল্প হাঁটতে পারছেন তাসকিন। মূলত পুনর্বাসন পক্রিয়ার মধ্যদিয়ে সময় পার করছেন তিনি।

চলমান পুনর্বাসন পক্রিয়ার ও বর্তমানে পায়ের অবস্থা সম্পর্কে আশার কথা হলো জানিয়েছেন তাসকিন, “আগের চেয়ে ভালো আল্লাহ রহমতে। তিন সপ্তাহ শেষ হল। এখন পর্যন্ত ইতিবাচক সবকিছু। ভালোর দিকে যাচ্ছে এখন। আমি এত দিন ক্র্যাচে করে হেঁটেছি। রিহ্যাব প্রোগ্রামের একটু আপগ্রেড করার শিডিউল দিয়েছে। এক্সারসাইজ আরও বাড়াবো। নিজের কাছেও ভালো লাগছে। এখন আস্তে আস্তে ক্র্যাচ ছাড়া নরমালি দুই পায়ে দাঁড়াতে পারছি। আশা করি এভাবে চলতে থাকলে আমার জন্য ভালো কিছুই হবে।”

আগামী মাসের ৮ তারিখ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ(ডিপিএল)। ডিপিএলের প্রাথমিক পর্বে তিনি খেলতে পারবে না সেটা প্রায় নিশ্চিত। তবে পরের রাউন্ড থেকে খেলার আশা করছেন তাসকিন। সুপার লীগ থেকে খেলার ব্যাপারে তিনি জানান, “ইনশাআল্লাহ আমিও আশা রাখি। কোনো সমস্যা না হলে সব কিছু এভাবে চলতে থাকলে অবশ্যই সুপার লীগ থেকে খেলতে পারব।”

সামনে যেহেতু ক্রিকেট বিশ্বকাপ এই ব্যাপারে নিজের ভাবনা জানান তাসকিন, “আসলে প্রিমিয়ার লীগ শুরু হলে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। আমার বিশ্বকাপ স্কোয়াডে যেন সুযোগ হয়। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়াও তো সহজ কিছু না। এটা কঠিন। হয়তো বিপিএলে ভালো খেলার কারণে একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে, সুস্থ থাকা, লীগে সুযোগ হলে ভালো খেলা।”