২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমায় নেইমার। কিন্তু তার পর থেকেই দল বদলের বাজারে সব থেকে আলোচিত নাম নেইমার। বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে নাম লেখাতে পারেন নেইমার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।

সম্প্রতি ব্রাজিলের এক টেলিভিশন অনুষ্ঠানে নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়া এবং লিওনেল মেসির ছায়া থেকে সরতে নেইমার বার্সেলোনা ছেড়েছিলো কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, “মেসির ছায়া থেকে বেরিয়ে আসার ব্যাপার ছিল না। এটা ছিল খুব জটিল একটা অবস্থা। একটা লিগকে জনপ্রিয় করতে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। এটা শুধু নেইমারের উচ্চাকাঙ্ক্ষা থেকে অনেক বড় বিষয়।”

নেইমার সিনিয়র আরো দাবি করেন, “বিশ্বসেরা হওয়াকে কখনোই আমি আমার ছেলের লক্ষ্য মনে করিনি।”

“আমি মনে করি, সেও এমন লক্ষ্য ঠিক করেনি, কিন্তু বড় ক্লাবের হয়ে সে সেরা লিগগুলোতে খেলতে চায়, আর আমি নিশ্চিত যে তার উচ্চাকাঙ্ক্ষা আছে।”