প্রতিটা ফুটবলারের স্বপ্ন থাকে ব্যালন ডি’অরে জয়লাভ করার। কারণ একজন ফুটবলারের ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের অন্যতম সর্বোচ্চ পুরস্কার হলো ব্যালন ডি’অর। কিন্তু ব্রাজিল সুপারস্টার নেইমার নিজের জন্য ব্যালন ডি’অর জয়ের কোনো প্রয়োজনীয়তা আছে সেটা মনে করে না। বরং দেশের হয়ে বিশ্বকাপ জয়লাভ করা ব্রাজিল তারকার স্বপ্ন।
এই মুহূর্তে ইনজুরির কারণে মাঠের বাইরে সময় কাটাতে হচ্ছে নেইমারকে। গত ২৩ জানুয়ারি ফরাসি কাপের শেষ ষোলোর ম্যাচে ডান পায়ের পাতায় আঘাত পেয়ে আড়াই মাসের জন্য ছিটকে যান বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। যার কারণে খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপর্ণ শেষ ষোলোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। অবসর সময়ে ব্রাজিলের এক টিভি অনুষ্ঠানে নিজের বর্তমান ক্যারিয়ার ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।
“আমি মনে করি না যে সাংবাদিকদের ভোটে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দরকার আপনার আছে। এমনকি প্রতিভাবান সব খেলোয়াড় ব্যালন ডি’অর জেতেনি। যদি এটা (ব্যালন ডি’অর জয়) না ঘটে তাতে আমার দুনিয়াও শেষ হবে না, আর আমি যা অর্জন করেছি তা মুছেও যাবে না।”
“এটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, যার স্বপ্ন সবাই দেখে। যাই হোক, আমার লক্ষ্য, যে কোনো কিছুর চেয়েই বেশি, আর তা হলো বিশ্বকাপ জয়। আমি প্রতিদিন সেই স্বপ্নই দেখি।”
দল বদলের বাজারে সবচেয়ে আলোচিত খবর নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দেবে এই ব্যাপারে নেইমার বলেন, “রিয়াল বিশ্বের অন্যতম বড় ক্লাব। যে কোনো খেলোয়াড় যার ব্যাপারে রিয়াল আগ্রহী, সেখানে খেলার আকর্ষণ বোধ করবে। আজ, আমি প্যারিসে খুব খুশি – এখানে আমি খুব ভালো করছি। যাই হোক, ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না।”