ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক রিয়াদ

প্রথম টেস্টে বোলিং-ব্যাটিং দুই ফরম্যাটেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড যেখানে এক ইনিংসেই করেছে ৭১৫ রান। বাংলাদেশ সেটা দুই ইনিংস মিলিয়েও করতে পারেনি। এমন শোচনীয় পরাজয়ের পর কোনো ধরণের রাখঢাক না করে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ের সামনে ছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে কিছুটা আলোর মুখ দেখায় মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাট। দুইজনের জোড়া সেঞ্চুরিতে ৪২৯ রানে ইনিংস শেষ বাংলাদেশের।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, ‘উইকেট এই টেস্টে খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি তো মনে করি আমরা বড় একটা সুযোগই হারিয়েছি। প্রথম ইনিংসে ১২০ রান তুলে ফেলেছিলাম মাত্র ১ উইকেট হারিয়ে, কিন্তু তারপরেও বেশি দূর যেতে পারিনি।’

পর পর দুই ইনিংসেই ভালো করেছে তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছে অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে এবং সৌম্য সরকার। তারপরও দল হেরেছে বাজে ভাবে। এই ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার। যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে আসলে কোনো লাভ নেই।’

আপনার মতামত দিন