প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংসে ও ৫২ রানের ব্যাবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর পরও পারফরম্যান্সের ধারাবাহিকতা রক্ষায় কোনো ঢিলেমি নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের ম্যাচ সেরা খেলোয়াড় ও নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, ‘এই ব্যাটিং বান্ধব উইকেটে আমাদের ব্যাটিং ইউনিট চেয়েছে লম্বা সময় ব্যাট করতে। বড় জুটি গড়া সৌভাগ্যের ছিল। জয় পাওয়ার অনুভূতি দারুণ।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পরেই বড় জয়ের পূর্বাভাস পেয়েছিলো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের ভাষ্য মতে, ‘আমরা জানতাম বড় জয়ই পেতে যাচ্ছি। পিচ এখন বেশি রান তোলার মত ছিল না। আমরা জানতাম বাংলাদেশ মানসম্পন্ন দল, তাদের দক্ষতা রয়েছে।’

উইলিয়ামসনের মতে প্রথম টেস্টে এমন দাপটে জয়ের পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব বোলারদের। নিউজিল্যান্ড দলের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি পুরো ম্যাচ জুড়ে আমাদের বোলাররা অসাধারণ ছিল। সিম মুভমেন্ট নেই, একটু সুইং এবং বাউন্স- যা আমরা শর্ট বলে আদায় করে নিতে চেয়েছি।’