আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। আইপিএলে একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসাবে খেলবে বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান। গত আইপিএলের মতো এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি। কিন্তু অনেক দিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সাকিব এখনো রয়েছে ফিটনেস ফিরে পাওয়ার লড়ায়ে। তবে গত কিছু দিন ব্যাট-বলে প্র্যাকটিস করছেন নিয়মিত এর ফলে আস্তে আস্তে ফিরে পাচ্ছেন নিজের ফিটনেস। যার কারণে ফিটনেস ফিরে পাওয়া সাকিবকে আইপিএলে খেলতে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছে বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।
আকরাম খান বলেন, , ‘আইপিএল খেলতে কবে যাবে আমি জানি না। তবে অবশ্যই শুরু হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের যেই পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো প্র্যাকটিস করছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা গত সাত দিন প্র্যাকটিস করেছে, ব্যাটিং বোলিংও করেছে। আজকে তো ডেটটা হয়ে গেছে। তাই এখন সে ফিট।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে এইবার এনওসি দেবে কিনা এই ব্যাপারে আকরাম খান বলেন, ‘ওর তো অলরেডি এটা দেয়াই আছে ক্রিকেট বোর্ড থেকে। সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে। আমরা তো ওর ইনজুরিতে কোনদিন খুশি হতে পারি না। এখন যেহেতু সে খেলছে… আমাদের মাথায় সবসময় থাকে হি ইজ ভেরি ইম্পরট্যান্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। যতটুক পারে রিস্ক কম নিলে ওর জন্য ভালো হবে।’
ইনজুরি থেকে দূরে থাকার জন্য ঝুঁকি কম নেওয়া কিংবা ম্যাচ খেলার দিক নির্দেশনা সাকিবকে দেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে তিনি জানান, ‘না, আমরা এমন কিছু চিন্তা করি নি। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে রিস্ক না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি সিউর সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। সে নিজে খুবই কেয়ার করছে, এক মাস দেখলাম। লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই। রিসেন্টলি কিছু ব্যথা পেয়েছে। যত দ্রুত সম্ভব রিকভারি করার, সেটা হচ্ছে।’