ভিনিসিউস জুনিয়র মাত্র ১৮ বছর বয়সের টগবগে তরুণ। কিন্তু অসাধারণ প্রতিভার কারণে অনেকেই তার মধ্যে ভবিষৎত নেইমারকে দেখতে পাচ্ছেন। তরুণ এই ফরোয়ার্ডকে ব্রাজিলের পরবর্তী সুপারস্টারও ভাবা হচ্ছে। প্রতিভাবান এই খেলোয়াড়কে পেতে ২০১৭ সালের মে মাসে তার সাবেক ক্লাব ফ্লামেঙ্গোর সঙ্গে চুক্তি করে রিয়াল মাদ্রিদ। গত বছরের মাঝামাঝি বয়স ১৮ বছর পূর্ণ হলে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সম্প্রতি তিনি জানিয়েছেন রিয়ালের থেকে অনেক বেশি টাকা দিয়ে তাকে দলে টানতে মরিয়া ছিল বার্সেলোনা।

স্পেনের জনপ্রিয় রেডিও কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস জুনিয়র বলেন, “বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগে কোনো প্রস্তাবের বিষয়ে আমার বাবা আমাকে বলেননি। এরপর আমরা দুটি ক্লাবেই গিয়েছিলাম এবং উভয় ক্লাবই ভালো লাগে।”

“বার্সেলোনা বেশি অর্থ দিতে চেয়েছিল কিন্তু আমরা সেরা প্রকল্প চেয়েছিলাম। মার্সেলো ও কাসেমিরো আমার সঙ্গে কথা বলেছিল এবং সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করেছিল।”

“সবকিছু খুব দ্রুত হয়েছিল। মার্সেলো ও কাসেমিরো আমাকে বলেছিল যে এখানে সবকিছু খুব দ্রুত হয়। এর আগে কেউই ভাবেনি যে আমি ব্রাজিলের বাইরে খেলব।“