আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে জায়গা পেয়েছে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম বারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়ে রীতিমতো অবাকই হয়েছেন মোসাদ্দেক নিজেই। শুধু তাই নয় নিজের তিন বছরের ছোট আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিকেই সবচেয়ে বড় একটা অর্জন মনে করছেন তিনি।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতি সম্পর্কে মোসাদ্দেক জানান, ‘ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি। শোনার পর অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’

প্রতিটা প্লেয়ারই স্বপ্ন দেখে নিজ দেশের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার। প্রথম বারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে মোসাদ্দেকেরও পূরণ হয়েছে সেই স্বপ্ন। এই ব্যাপারে মোসাদ্দেক বলেন, ‘যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমি ১৫ জনের দলে আছি, আমি চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে যখনি দলে সুযোগ পেয়েছেন তখনি দলের হয়ে কিছু করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মোসাদ্দেক। এই নিয়ে তিনি বলেন, ‘যদি আন্তর্জাতিকে ফর্ম খারাপ বলেন, তাহলে আমার ক্যারিয়ারের দুই-তিনটা ম্যাচে আমি খারাপ করেছি। আমি যেই জায়গায় সুযোগ গুলো পেয়েছি, টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। ফর্ম আসলে পারমানেন্টলি থাকবে না। আসবে যাবে এমন অবস্থা সবার জন্যই হবে। আমি চেষ্টা করেছি যেই প্লাটফর্মে পারফর্ম করার সেখানে করার চেষ্টা করেছি। যদি সামনে ভালো কিছু হয় তাহলে আমার স্বপ্নপূরণ হবে।’

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি কারণ হিসাবে মোসাদ্দেক জানান, ‘বিশ্বকাপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এক্সাইটমেন্ট কাজ করে যে ইন্ডিয়ার সাথে খেলব। আমার কাছে ইন্ডিয়ার সাথেই বেশি এক্সাইটমেন্ট মনে হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আমার জন্য অনুপ্রেরণার মত। যেহেতু আমার সেখানে খেলার অভিজ্ঞতা আছে।’