বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ইংলিশ ব্যাটসম্যানরা তাণ্ডব চালান বাংলাদেশি বোলারদের উপর। সংগ্রহ করে বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ (৩৮৭) রান। অথচ এমন উইকেটেই কিনা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলাফল ইংল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ১০৬ রানের বিশাল ব্যাবধানে। তবে টসের সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়ক মাশরাফির।
এই ব্যাপারে মাশরাফি বলেন, ‘৩৮৬ রান অনেক বেশি, তাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। জেসন রয় একবার উইকেটে সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই কঠিন। আমরা জানতাম রয়কে আউট করতে হবে, তাহলেই আমরা ম্যাচে ফিরতে পারতাম। পিচ দেড়দিন কভারের নিচে ছিল। তাও স্বভাবতই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম।’
ইংল্যান্ডের রান আরেকটু কম হলে জয়ের জন্য লড়াই করতে অনেকটাই সহজ হতো বলে মনে করে মাশরাফি। ‘উইকেটে পেতে কখনো কখনো আমাদের ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল। ৩৩০ এর মত লক্ষ্য হলে ম্যাচটি অন্যরকম হতে পারত। কিন্তু বলেছি তো, ৩৮৬ রান অনেক বেশি হয়ে গেছে।’
দল হারলেও সাকিব আল হাসানের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘তিনে সাকিব আমাদের হয়ে দারুণ ব্যাট করছে। তার বোলিংও দুর্দান্ত। এখনো ছয়টি ম্যাচ আছে, আশা করি ছেলেরা নিজেদের কাজ ঠিকমত করে ঘুরে দাঁড়াবে। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের।’