এবারের বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের বিশাল এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। সাকিব তুলে নিয়েছেন বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি। মুস্তাফিজের এক ওভারে দুই উইকেট পাওয়া এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচের টার্নিং পয়েন্ট সম্পর্কে মাশরাফি বলেন, “আমি আগের ম্যাচেও বলেছিলাম স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি আমাদের। তবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবকটি ম্যাচই জেতা লাগবে। হাটুতে হালকা সমস্যা হয়েছিলো কিন্তু ডেথ ওভারে আমাদের যথেষ্ট বোলার রয়েছে যার কারণে এসব নিয়ে ভাবছিনা। আমার কাছে মনে হয় মুস্তাফিজের ওভারটি ম্যাচের টার্নিং পয়েন্ট। রাসেল ও হেটমায়ারকে একই ওভারে আউট করেছে।”
সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের প্রশংসা করে মাশরাফি বলেন, “সাকিব তার সেরাটাই ঢেলে দিচ্ছে এ বিশ্বকাপে। আশা করছি বাকি ম্যাচগুলোতেও সে এভাবেই ধারাবাহিকতা ধরে রাখবে এবং বাকিরাও তার সঙ্গে যোগ দিবে। প্রথম দুই ম্যাচে মুশফিক ভালো খেলেছে, তামিম বেশ ভালো করেছে আজ। সৌম্য দলকে দারুণ শুরু এনে দিয়েছে। লিটন সাধারণত ওপেন করে থাকে। হুট করে একজন ওপেনারের জন্য মিডল অর্ডারে ব্যাট করা মোটেও সহজ কাজ নয়।”