এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সাকিব আল হাসান। সেই সঙ্গে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্যরকম এক উচ্চতায়। এই সাকিব আল হাসানের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের। অন্য সকলের মতো সাকিবের কাছ থেকে শিখছেন তরুণ সৌম্য সরকারও।
সাকিব আল হাসানের কাছ থেকে শেখা এবং সাকিবকে মূল্যায়ন করার প্রসঙ্গে সৌম্য সরকার বলেন, ‘খেলা শেষে আমাদের যে মিটিংটা হয় সেখানে সবাই মিলে সাকিব ভাইকে উইশ করেছি। তার সাথে আমরা ড্রেসিংরুম শেয়ার করি, তার এত রেকর্ড আছে… তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। খেলা শেষ করলে উনি লিজেন্ডদের কাতারে আসবে।’
সাকিবের কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন সৌম্য সরকার বিষয়টি উল্লেখ করে সৌম্য বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক শিখতে পারছি। ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন, একের পর এক রেকর্ড করে যাচ্ছেন। এটা অনেক বড় একটা বিষয়।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। এই ম্যাচ জিতেই হবে বাংলাদেশ দলকে এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। কঠিন এই প্রসঙ্গে সৌম্য জানান, ‘লক্ষ্য থাকবে ভালো খেলে ম্যাচটা জেতা। এখনই চিন্তা করলে তো অনেক দূরের বিষয় মনে হবে। এখনো দুইটা ম্যাচ আছে। সামনের ম্যাচে চাপ থাকবে। চেষ্টা করব আমরা সবাই সেরাটা দিয়ে ম্যাচটা জেতার। জিতলে আমাদের সুযোগ বেড়ে যাবে।’