177267রুবেল হোসেনকে সাজঘরে ফেরত পাঠিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিএল’র দ্বিতীয় আসরে এটি তাদের প্রথম জয়। প্রথম ম্যাচ ইসলামী ব্যাংক ইষ্ট জোনের বিপক্ষে ড্র করে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন।  ৩১০ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক সাউথ জোন সব উইকেট হারিয়ে ২৭২ রান তুলতে সক্ষম হয়। ৩৭ রানে পরাজিত হয় তারা।  দলের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ উইকেট তুলে নেন। এছাড়া ইলিয়াস সানী নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন পেসার শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ। তৃতীয় দিনে ৩ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ক্রিজে অপরাজিত ছিলেন মিথুন আলী ও তাইজুল ইসলাম।  জয়ের থেকে ১৫১ রান পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে প্রাইম ব্যাংক। স্কোরবোর্ডে ৮ রান যোগ হতেই ইলিয়াস সানীর বলে সাজঘরে ফিরেন মিথুন আলী।  ১৪ রানে সরাসরি বোল্ড হন তিনি। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান শুভাগত হোমকেও টিকতে দেয়নি সানী। সানী ঘূর্ণিতে মাত্র ১ রানে আউট হন শুভাগত।  ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে সাউথ জোন। জিয়াউর রহমান ও তাইবুর পারভেজ দলকে ২০৮ রান পর্যন্ত টেনে নিয়ে যান। এরপর পেসার শহীদ তাইবুর পারভেজকে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে তালুবন্দি করা। ২৩ রান আসে তাইবুর পারভেজের ব্যাট থেকে।  ক্রিজে এসে স্পিনার সোহাগ গাজী আক্রমণাত্মক হয়ে খেলেন। তাকে সঙ্গ দেন জিয়াউর রহমান। ৩২ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে।  শাহাদাত হোসেন রাজিব প্রথমবারের মতো বোলিংয়ে এসে তার উইকেট তুলে নেন। ৩১ বলে ২ চার ও ২ ছয়ে ২৩ রান করেন গাজী।  চা-বিরতির পর তৃতীয় ওভারে মাহমুদুল্লাহ বোলিংয়ে এসে আব্দুর রাজ্জাককে ফিরান। পরের সম্পূর্ণ গল্পটা রচনা করেন মাহমুদুল্লাহ। এক হাতে ওয়ালটনকে জেতান তিনি।  প্রথমে জিয়াউর রহমানকে ৪৫ রানে সাজঘরে পাঠান। এরপর রুবেল হোসেনকে। ওয়ালটনের জয়ের পথে বাধা হয়ে দাড়ানো জিয়াউর রহমান ৭১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৫ রান করেন।  এর আগে প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন সব উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক সাউথ জোন ২৩০ রানে আটকে যায়। ওয়ালটনের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ একাই ৭ উইকেট দখলে নেন।  ৬৫ রানের লিড নেয় প্রাইম শিবির। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়ায়। ৩৭৪ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। এছাড়া শামসুর রহমান শুভ ৬৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪১ রান করেন। দুই ইনিংসে ১২ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।