গতকাল সেভিয়ার মাঠে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বার্সেলোনা। ৪-২ গোলের ব্যাবধানে জয়লাভ করে বার্সা।দারুন এই জয়ে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেসের করা দলের শেষ গোলেও অবদান রাখেন ৩১ বছর বয়সী বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

এই ম্যাচের আগে চলতি মাসটি একদমই ভালো কাটেনি বার্সেলোনার। সব ধরণের প্রতিযোগিতা মিলে এই মাসে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসি মনে করেন আবারও সেরা ছন্দে ফিরেছে বার্সেলোনা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, “আজ আমরা আবারও নিজেদের সেরা ছন্দে ছিলাম এবং অসাধারণ পারফরম্যান্স দেখালাম।”

“আমরা একটা কঠিন সময় পার করলাম, যেখানে সত্যি বলতে, আমরা নিজেদের সেরা ফুটবলটা খেলিনি। তাই গোল করাটা আমাদের জন্য আরও বেশি কঠিন ছিল।”

“একটা মৌসুম জুড়ে আপনার বিভিন্ন রকম সময় আসবে। আর সবসময় আমরা সর্বোচ্চ মানের খেলাটা খেলতে পারি না। কিন্তু যখন আমরা নিজেদের ছন্দে খেলতে পারি, তখন ব্যাপারগুলো সবসময় আমাদের পক্ষে থাকে।”