ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কিউই একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানেরা সুযোগ পেলেও বৃষ্টির কারণে বোলারা পারেনি নিজেদের ঝালাই করে নিতে।
তবে এই ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। প্রস্তুতি কম হলেও দলের বোলার দেড় ফিটনেস লেভেল ভালো থাকায় বেশ সন্তুষ্ট কোর্টনি ওয়ালশ।
বোলিং প্রস্তুতি না হওয়ায় নিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুটা হতাশ ম্যাচটা সম্পূর্ণ খেলতে না পেরে। কিন্তু বোলারদের বর্তমান ফিটনেসের ব্যাপারটা আমাকে আশাবাদী করেছে। এখন টেস্ট ম্যাচ খেলার মতো স্কিল মাঠে প্রদর্শন করতে হবে তাদের।’
স্বাগতিকদের বিপক্ষে এইরকম কন্ডিশনে ভালো করা খুব কঠিন। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে বোলারদের কিভাবে সাফল্যে পেতে হবে তার একটি সূত্র বেঁধে দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এনিয়ে ওয়ালশ বলেছেন, ‘এখানে উইকেট স্পিন সহায়ক নয়। আমরা সেটা মাথায় রেখেই অনুশীলন করেছি। পেসাররাই এখানকার কন্ডিশনে ভালো করতে পারবে বলে আশাবাদী আমি। আশা করছি, পেসারদের কেউ কেউ ভালো কিছু করবে আর বাংলাদেশ দলকে দারুণ কিছু এনে দেবে।’