একটা ম্যাচ খারাপ করলে কিংবা দলের হারের কারণ হলে জীবন তখন অন্ধকারে পরিণত হয়। যেমন নিদাহাস ট্রফির ফাইনাল ভারতীয় ক্রিকেটার বিজয় শঙ্করের জীবন অন্ধকারে ঠেলে দিয়েছিল। ঐ ম্যাচের পরে নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলেন, কখনো কোনও কিছুতেই জীবনকে আর প্রভাবিত হতে দেবেন না। গতকাল (মঙ্গলবার) অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের হয়ে ম্যাচ জিতিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় শঙ্কর বলেন তার জীবনের অজানা অনেক কথা।

বিজয় শঙ্কর বলেন, ‘‘নিদাহাস ট্রফি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি, কী ভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। বাইরের কোনও ব্যাপারকে আমার জীবনে আর প্রভাব ফেলতে দিতে চাই না। শিখেছি, যে কোনও পরিস্থিতিতে কী ভাবে শান্ত থাকা যায়। জীবনের ওঠা-পড়া নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিয়েছি।’’

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওভারে ম্যাচ জেতানো নিয়ে তিনি বলেন, ‘‘বুমরা আমাকে এসে বলে, রিভার্স সুইং হচ্ছে। আমি তাই চেষ্টা করেছিলাম, স্টাম্প টু স্টাম্প বল করতে। আমি কোনও রকম চাপে ছিলাম না। ওদের আট উইকেট পড়ে গিয়েছিল। তাই জানতাম, আমাদেরও জেতার সুযোগ আছে।’’