প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ভাবে হারের একমাত্র কারণ বাংলাদেশের ব্যাটিং। টপ-অর্ডারে সাথে ব্যর্থ দলের প্রায় প্রতিটি ব্যাটসম্যান। ব্যাটিং ব্যর্থতার সিরিজে একমাত্র উজ্জ্বল ছিলেন মোহাম্মদ মিঠুন সিরিজের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন মিঠুন। সেখানেই হজম করতে হচ্ছে বড় ধাক্কা। চোটের কারণে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে। শুধু মোহাম্মদ মিঠুন নয় চোট জনিত কারণে শঙ্কা ছিল দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও, তবে তার খেলার সম্ভাবনা এখনো রয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের বর্তমান অবস্থা, মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিমের চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ।

তিনি বলেন, “মিঠুনের অবস্থা একদমই ভালো নয়। বেশ কিছুদিন সময় লাগবে, অন্তত ১০-১২ দিন লাগবে ঠিক হতে। সেজন্য শেষ ওয়ানডে মিস করবে। প্রথম টেস্ট ম্যাচের আগে ফিট হবে বলে আশা করছি।”

“মুশফিকের অবস্থা বেশ ভালো। স্ক্যানে কিছু ধরা পড়েনি। আজকে অবশ্য সেভাবে অনুশীলন করেনি। কালকে (বুধবার) সকালে ওয়ার্ম-আপের সময় সিদ্ধান্ত নেওয়া হবে। কতখানি ফিট, সেটি দেখেই সিদ্ধান্ত হবে। তবে মনে আশা করছি, সে খেলবে।”