তরুণ নাঈম হাসান গত বছর টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছে জাতীয় দলে। ঠিক এক বছর পর ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ডানহাতি এই অফ স্পিনার ওয়ানডে দলে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়েই থিতু হতে চান জাতীয় দলে। দলে মূল ভূমিকা বল হাতে হলেও প্রিয়জনের মুহূর্তে ব্যাট হাতেও রাখতে পারে বড় ভূমিকা। বর্তমানে তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)। চলতি আসরে ৯ ম্যাচে ৪.৬১ ইকোনোমিক রেটে শিকার করেছেন ১৩ উইকেট।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আগামী মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পাবে নাঈম হাসান। এই প্রসঙ্গে নাঈম হাসান বলেন, ‘প্রিমিয়ার লিগ (ডিপিএল) খুব ভালো যাচ্ছে। প্রত্যেকটা ম্যাচে রান কম দিয়ে উইকেট পাচ্ছি। আর ব্যাটিংয়ে গেলে দল যে পরিস্থিতিতে থাকে। সেই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করি। আমি যখনি ক্রিকেট খেলি, তখনি চেষ্টা করি নিজের শতভাগ দিতে।’
বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে নাঈম হাসান জানান, ‘সবারই স্বপ্ন বিশ্বকাপ খেলার, আমার যদি সুযোগ হয়, আমি যদি আয়ারল্যান্ডে ভালো খেলি। বিশ্বকাপে যদি যাই, তাহলে চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে ভালো খেলার।’