গতকাল ৭ জানুয়ারি গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় শেখ জামাল ধানমণ্ডি ক্রীড়াচক্র ফেনী সকার ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে। শেখ জামালের হয়ে গোল করেন মাইক ওটোজারেরি এবং শাকিল। ৬ ম্যাচ শেষে শেখ জামালের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তৃতীয় অবস্থানে আছে আবাহনী (১৩ পয়েন্ট)।
বিকাল ৪.৩০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলাটি শুরু হলেও প্রথমার্ধে শেখ জামাল তেমন একটা সুবিধা করতে পারেনি। গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট। ৭৭ মিনিটের সময় দলের নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওটোজেরেরির গোলে ১-০ তে এগিয়ে যায় শেখ জামাল। কিন্তু ৮ মিনিটেই ফেনী সকারের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর এন্থনি জটলার ভিতর থেকে গোল করে ফেনী সকারকে ম্যাচে ফেরান (১-১)।মাত্র এক মিনিটের ব্যবধানে বাঁপ্রান্ত দিয়ে আলমগীর রানার ক্রসে শাকিল গোল করে জয় নিশ্চিত করেন।

