বার্সেলোনায় ফুটবলজীবনের সমাপ্তি টানতে চান লিওনেল মেসি। ক্লাবটিকে তিনি বিশ্বের সেরা বলেও অভিহিত করেন।
এরই মধ্যে পরপর দু’বার ব্যালন ডি’অর জেতেন মেসি। এবার পেলে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতবেন। আজ জুরিখে এই পুরস্কারবিজয়ীর নাম ঘোষণা করার কথা।
এক সাক্ষাত্কারে মেসি বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবে আমি খেলছি। বার্সেলোনা যা দিয়েছে, অন্য কোনো দল আমাকে এতটা দিতে পারত না। ক্লাব বিরক্ত না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব।’ ক্লাব কখনোই বিরক্ত হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘লা মাসিয়ায় বেড়ে উঠেছি এবং বার্সার তৈরি মানুষ আমি। আমাদের যে কারও চেয়ে কোচ এই ক্লাবটিকে ভালো চেনেন। তিনি ছিলেন ক্লাবের বল বয়, খেলোয়াড়, আর এখন কোচ। খুবই ‘স্মার্ট’ মানুষ তিনি। কখন কী করতে হবে, তা খুব ভালো করেই জানেন। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা-ও তার জানা আছে। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেও ওস্তাদ তিনি।’
ফুটবল মাঠে যারা আলো ছড়িয়েছেন, সেসব সেরা খেলোয়াড়ের একজন বলে অভিহিত করা হচ্ছে মেসিকে। কিন্তু রোসারিওতে জন্ম নেয়া মেসি মনে করেন, অতীতের কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করার সময় এখনও আসেনি।
তিনি বলেন, ‘আমার বয়স এখন ২৪। মাত্রই তো শুরু করলাম। আলফ্রেডো স্তেফানো, পেলে কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো খেলোয়াড়দের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’
মেসি বলেন, ‘আমাকে বিচার করা উচিত আমার খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর। এখন কথা বললে বিব্রত বোধ করি।’
ক্লাবের হয়ে জয় করার মতো যা কিছু আছে, তার সবই অর্জন করেছেন মেসি। এখন তিনি সফলতা পেতে চাইছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি তার দেশের জন্য সম্মানও বয়ে আনতে চান। তিনি বলেন, ‘স্তেফানো নিঃসন্দেহে বিখ্যাত। কিন্তু বিশ্বকাপ কখনোই জেতেননি। আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য সম্ভাব্য সব কিছু আমি করব।
আর্জেন্টিনা দলে বিশ্ব মানের খেলোয়াড় রয়েছেন। আমি নিশ্চিত, আমার ক্লাবের সাফল্য আমি জাতীয় দলেও ফুটিয়ে তুলতে পারব।

FIFA Ballon d’Or Gala 2010 – Show Highlights: