বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গন। এমন পরিস্থিতি ভাবিয়ে তুলছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। তবে মাঠের পার
ফরমেন্সে এর প্রভাব পড়বে না বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সব বিতর্ক পিছনে ফেলে ভাল ক্রিকেট খেলতে চান তারা। ঈদের ছুটি শেষে আবারো কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। কোচ শেন জার্গেনসেনের ক্যাম্পে আছেন মুশফিক, মাশরাফিসহ বারো ক্রিকেটার। বাকিরা আছেন ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে। ছুটির আগে কন্ডিশনিংয়ের ওপর জোর দিয়েছিলেন কোচ। এবারে মনোযোগ স্কিল ট্রেনিংয়ে। কারণ নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেস বোলারদের মোকাবেলা করতে হবে টাইগার ব্যাটারদের। জাতীয় দলের ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত, তখন ম্যাচ ফিক্সিং ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেট। ম্যাচ ফিক্সিং নিয়ে আইসিসির তদন্ত প্রতিবেদনে নাম এসেছে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের। সতীর্থদের এমন কান্ডে উদ্বিগ্ন অধিনায়ক মুশফিকুর রহিম। যে বিপিএল নিয়ে লঙ্কাকাণ্ড তা নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করেন মুশফিক। বিপিএলের তৃতীয় আসরকে বিতর্কের ঊর্ধে রাখতে আয়োজকদের সতর্ক হওয়ার পরামর্শ মুশফিকের। সামনে নিউজিল্যান্ড সিরিজ। তাই এতসব নিয়ে না ভেবে আপাতত সবার ফোকাস ব্যাটে বলে নিজেদের উন্নীত করার দিকেই।