মোস্তাফিজুর রহমান কি দুর্দান্ত ভাবেই না শুরু করেছিল নিজের ক্যারিয়ার। কিন্তু ক্যারিয়ারের এক বছরের মাথায় পড়লেন কাঁধের ইনজুরিতে। কমে গেলো নিজের সহজাত গতি, বেড়ে গেল নতুন করে ইনজুরিতে পড়ার ভয়।

এই কারণে মোস্তাফিজুর রহমানের ব্যাপারে সব সময় বাড়তি সতর্কতা পালন করে বিসিবি। সে কথা এবার নতুন করে মনে করিয়ে দিলেন জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ দল এখন রয়েছে নিউজিল্যান্ড সফরে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘মোস্তাফিজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতেই হয়। আমাদের নিশ্চিত করতে হবে যে সে ঠিক আছে এবং সতেজ আছে। তাই এখন বড় একটা প্রশ্ন হলো নির্বাচকরা তাকে টেস্ট সিরিজের কয় ম্যাচে নামাবে। কারণ আমরা সবাই জানি তার ওপর ম্যাচের চাপটা কতোটা।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এ বিষয়ে আমাদের বসে ঠিক করতে হবে যে কোন পিচ বা কন্ডিশন তাকে ভালো মানায় এবং কোথায় তার জন্য খেলা কষ্টকর। আমার ধারণা তার পক্ষে সিরিজের তিনটি ম্যাচ খেলা বেশ কঠিন হবে, যদি আপনি তাকে সতেজ রাখতে চান বিশ্বকাপের আগে।’